মাধবপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও নানা কর্মসূচির আয়োজন করে মাধবপুর উপজেলা প্রশাসন।
সকালে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এরপর সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্যারেড কমান্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম। তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম। এছাড়াও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা। বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
দিবসের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বেলা ১১টায় তেলিয়াপাড়া চা বাগানে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সার্বিকভাবে দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল গভীর দেশপ্রেম, স্বাধীনতার গৌরব ও শহীদদের প্রতি অগাধ শ্রদ্ধা।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page