অনুপম মারমা, বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নারী, শিশু ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ আক্রান্ত হওয়ায় স্থানীয় জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিশেষ করে ওরস্যালাইন, কলেরা স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতি স্থানীয়দের উদ্বেগ বাড়িয়ে তোলে।

এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ায় বলিপাড়া জোন (৩৮ বিজিবি)। জোনের উদ্যোগে রেমাক্রী বাজার ও তিন্দু এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
বলিপাড়া জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেনের দিকনির্দেশনায় মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়ার নেতৃত্বে বিজিবির অভিজ্ঞ মেডিকেল টিম আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি ডায়রিয়া প্রতিরোধ, বিশুদ্ধ পানি ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়।

মেডিকেল ক্যাম্পে অসহায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত নারী, পুরুষ এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণ ও স্বাস্থ্য পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো কার্যক্রমকে আরও প্রাণবন্ত করে তোলে।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিজিবির এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। স্থানীয় বাসিন্দারাও বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক পরিচালিত এ ধরনের মানবিক কার্যক্রম সীমান্ত এলাকার মানুষের আস্থা বৃদ্ধি, সম্প্রীতি বজায় রাখা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে বিজিবির সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page