প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ৯:২৭ পি.এম
নিখোঁজের ৪ দিন পর পুকুরে ভাসছিল হাত-পা বাঁধা গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক!

মোঃ আব্দুল হান্নান, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে রত্না দাস (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ২১ অক্টোবর (বুধবার) বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সুশীল দাসের মোবাইল ফোন বন্ধ এবং তিনি পলাতক থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। নিহত রত্না দাস খাগালিয়া গ্রামের কুড়েরহাটির সুশীল দাসের স্ত্রী এবং সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মহনলাল দাসের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর (শনিবার) রাতে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন রত্না দাস। চারদিকে অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরদিন ১৮ অক্টোবর (রবিবার) তার স্বামী সুশীল দাস নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ২১ অক্টোবর বিকেলে স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেয়। স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহটি নিখোঁজ রত্না দাসের বলে শনাক্ত করেন। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সময় রত্না দাস ঘরে একা ছিলেন। দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার পর, ঘরের ভেতরে থাকা রশি দিয়েই তার হাত-পা বেঁধে তাকে পুকুরে ফেলে শ্বাসরোধ করে হত্যা করেছে।
নিহতের দেবর বলরাম দাস বলেন, "আমার বৌদি ঘরে একা ঘুমাতেন। দুর্বৃত্তরা ঘরের সবকিছু লুট করে নিয়ে তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে।" নিহতের মামা বিনোদ দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার ভাগ্নিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।" ভলাকুট ইউপি চেয়ারম্যান মো. রুবেল মিয়া জানান, পুকুরে হাত-পা বাঁধা লাশ ভাসার খবর পেয়েই তিনি দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.com