
নেত্রকোণার এক মাস ৭ দিন বয়সী নবজাতককে জিম্মি করে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী মুদি দোকানদার আব্দুর রউফ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,গত ১৭ মে রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় কান্দিউরা ইউনিয়নের তেতুলিয়া গ্রামের কৈজানী নদীর ঘাট সংলগ্ন গিয়ালী খালের পাশে এ ঘটনা ঘটে।এঘটনায় ভুক্তভোগী মোছাঃ আনোয়ারা (২৪) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রগা ইউনিয়নের নূরনগর গ্রামের বাসিন্দা। প্রায় এক বছর আগে মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর গ্রামের রিপন মিয়ার (৩০) সঙ্গে প্রেমের সম্পর্কে বিবাহবন্ধনে আবদ্ধ হন । তাদের এক মাস ৭ দিন বয়সী একটি নবজাতক শিশু রয়েছে।
গত ১৫ মে পারিবারিক বিরোধের জেরে স্বামী রিপন মিয়া আনোয়ারাকে একতরফা ডিভোর্স দেন। ১৭ মে বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে তিনি নবজাতক শিশুকে নিয়ে নায়েকপুর থেকে বাবার বাড়ি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়েছিল।
কৈজানী নদী পার হয়ে তেতুলিয়া ঘাটে পৌঁছে তিনি ঘাট সংলগ্ন মুদি দোকানদার আব্দুর রউফ মিয়ার (৬০) দোকানে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আব্দুর রউফ মিয়া আনোয়ারাকে রাতে তার বাড়িতে থেকে সকালে রওনা দেওয়ার পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী শিশু ও ব্যাগ নিয়ে তার সঙ্গে রওনা হলে পথে নির্জন স্থানে নিয়ে গিয়ে আব্দুর রউফ শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় তার কোল থেকে ১ মাস ৭ দিন বয়সের শিশুটিকে ছুড়ে ফেলে দিয়ে দেশীয় অস্ত্র রামদা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় কাছেই বরশি দিয়ে মাছ ধরতে আসা এক ব্যক্তির উপস্থিতি টের পেয়ে মহিলাটি দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে মহিলাটি প্রায় ১ কিলোমিটার দূরে চিরাং ইউনিয়নের সাজিউড়া বাজারে গিয়ে চিৎকার করে স্থানীয়দের ঘটনা জানান। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা পর পাটক্ষেত থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে বাজারে নিয়ে আসা হয়।
সংবাদ পেয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।
অভিযুক্তকে ধরতে কেন্দুয়া ও মদন থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন।অভিযানে সোমবার ১৮ মে সকালে অভিযুক্ত আব্দুর রউফ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত আব্দুর রউফকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বর্তমানে নবজাতক ও ভুক্তভোগী নারীর শারীরিক অবস্থা ভালো আছে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page