১০ দলীয় ঐক্য জোটের কুমিল্লা-৪ আসনের শাপলাকলি প্রতিকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা দেশটাকে ভোটচোরদের হাতে তুলে দেবেন নাকি জনতার হাতে তুলে দেবেন এই সিদ্ধান্ত আপনাদের। তিনি অভিযোগ করে বলেন, ভোটচোরদের হাতে ক্ষমতা তুলে দিলে তারাই একদিন প্রশাসনকে নির্দেশ দেবে সাধারণ মানুষের সন্তানদের রাস্তায় গুলি করতে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১১ দলীয় জোটের আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ প্রশাসনকে সতর্ক করে বলেন, আবার কিছু লোভী বেনজীর-হারুনদের আবির্ভাব ঘটছে। পুলিশ ভাইয়েরা—বেনজীর ও বিপ্লবদের থেকে শিক্ষা নিন। আমরা বিশ্বাস করতে চাই, আসন্ন নির্বাচনে কোনো এসপি, ওসি কিংবা এসআইয়ের জন্য টাকা রাখতে হবে না।
তিনি বলেন, এ নির্বাচন ১৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। নির্বাচনের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে। প্রশাসনের ভাইয়েরা যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ান, আবার ৫ আগস্ট নেমে আসবে। দেশ ঠিক করতে হলে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মিডিয়ার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, তৃণমূলের সাংবাদিকরা আমাদের জানান—খবর পাঠালে তা কেটে দেওয়া হয়। অথচ সব মিডিয়ায় শুধু একটি দলের বন্দনা, বিশেষ করে বিএনপির প্রচারণা দেখা যায়। আগামী নির্বাচনে আপনারা নিরপেক্ষ না হলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের নবীনগর শাখার আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেন, জামায়াতে ইসলামীর সুপ্রিম কোর্ট শাখার নির্বাহী সদস্য আব্দুল বাতেন, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহান এবং বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী সভাপতি মাইনুল ইসলাম খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page