প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৫:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১০:৩৬ পি.এম
শ্রীপুরে পিকআপের ব্যাটারি চুরি: ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে একটি বাসার সামনে পার্কিং করা পিকআপ ভ্যান থেকে তারসহ ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে বিভিন্ন তথ্য ও প্রমাণের ভিত্তিতে স্থানীয় একটি ভাঙাড়ির দোকান থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। এই চুরির ঘটনার সাথে স্থানীয় যুবদল ও কৃষক দলের দুই নেতার নাম জড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী দেওচালা এলাকার ‘সিটি সল্ট ইন্ডাস্ট্রিজ’ ফ্যাক্টরির সামনে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি সল্ট ইন্ডাস্ট্রিজের সামনে একটি বাসার গেটে পিকআপ ভ্যানটি পার্কিং করা ছিল। গভীর রাতে চোর চক্র গাড়িটির সংযোগ তার কেটে মূল্যবান ব্যাটারিটি চুরি করে নিয়ে যায়। ঘটনার পর গাড়ির মালিক ও স্থানীয় সচেতন ব্যক্তিরা বিভিন্ন মাধ্যমে খোঁজখবর শুরু করেন। একপর্যায়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এমসি বাজার সাইফুল মাস্টার মোড় এলাকায় অবস্থিত আলমগীরের ভাঙাড়ির দোকানে সরেজমিনে গিয়ে তল্লাশি চালানো হয়। সেখানে চুরি হওয়া ব্যাটারি ও কর্তনকৃত তারের অকাট্য প্রমাণ মেলে। অনুসন্ধানে জানা গেছে, এই চুরির ঘটনার সাথে দেওচালা এলাকার স্থানীয় বাসিন্দা ইসলামের ছেলে আল-আমিন এবং অজ্ঞাতনামা আরও দুজন সরাসরি জড়িত। তবে ঘটনার মোড় অন্যদিকে ঘোরে যখন এই চুরির পেছনে প্রভাবশালী মহলের ইন্ধন ও মালামাল বিক্রির চেষ্টার বিষয়টি সামনে আসে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য ও বিভিন্ন চাঞ্চল্যকর প্রমাণে জানা গেছে, তেলিহাটি ইউনিয়ন কৃষক দলের প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল এবং তেলিহাটি ইউনিয়ন যুবদলের নেতা ফাহাদ আহমেদ শেখের নাম এই চুরির ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছে। এই রাজনৈতিক নেতাদের নাম আসায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা এই চুরির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তারা রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সরাসরি চোর আল-আমিনসহ নেপথ্যে থাকা যুবদল ও কৃষক দল নেতার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.com