হীরেশ ভট্টাচার্য হিরো, স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার সকালে রাজধানী ঢাকায় স্পিকারের সরকারি বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে হবিগঞ্জ জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে এমপি সৈয়দ ফয়সল তার নির্বাচনী এলাকা মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় স্পিকারের কাছে তুলে ধরেন। তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, শিল্প বিনিয়োগ বৃদ্ধি, হাসপাতালের সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।
সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাটের জনগণ দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন প্রত্যাশা করে আসছেন। এসব প্রত্যাশা বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতায় এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাকে বিপুল সমর্থন দিয়ে নির্বাচিত করেছেন। সেই আস্থার প্রতিদান দিতে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এ সময় স্পিকার এলাকার উন্নয়নমূলক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন বলে জানা গেছে।
স্পিকারের সঙ্গে সংসদ সদস্যের এ সৌজন্য সাক্ষাতের খবর এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, জাতীয় পর্যায়ে এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে মাধবপুর ও চুনারুঘাটের উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page