ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বড়পুকুরপাড় আলাকপুর খন্দকার বাড়ি এলাকায় প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিলফুল ফুজুল প্রবাসী কল্যাণ পরিষদ’ মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সম্প্রতি সংগঠনটি প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করে দীর্ঘদিনের ভোগান্তি দূর করেছে। আগে কাঁচা ও ঝুঁকিপূর্ণ এ সড়ক দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। নতুন সড়ক নির্মাণের ফলে এখন যাতায়াত হয়েছে সহজ ও স্বাচ্ছন্দ্যময়।
স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই করেনি, বরং এলাকার সার্বিক জীবনমানেও ইতিবাচক প্রভাব ফেলেছে।
অন্যদিকে, পবিত্র রমজান মাস উপলক্ষে সংগঠনটির উদ্যোগে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী গণইফতার ও দোয়া মাহফিল। এতে অংশ নেন এলাকার কয়েকশ মানুষ। স্থানীয়দের মতে, এ আয়োজন সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রবাসে অবস্থানরত সদস্যদের সহযোগিতায় তারা নিয়মিত বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন। ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে ১১০ জন প্রবাসী সদস্য নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি। সভাপতি মো. আশ্রাফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রাসেল খন্দকার এবং সাধারণ সম্পাদক শুয়াইব আহমদ সোহাগের নেতৃত্বে ইতোমধ্যে প্রবাসীদের কষ্টার্জিত প্রায় ৬ লাখ টাকা অনুদান হিসেবে সংগঠনে জমা হয়েছে।এলাকাবাসীর প্রত্যাশা, এমন মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তরুণ প্রজন্ম সমাজসেবায় আরও বেশি উদ্বুদ্ধ হবে।