প্রবাসে লোক পাঠানোর নামে যেসব প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিচ্ছে সেসব জাল চক্রের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেটে প্রবাসী ও শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।গত সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তার জন্য চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, ‘শ্রমিকদের সর্বোচ্চ সহযোগিতার লক্ষে দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধনের পদক্ষেপ নিয়েছে সরকার।’এছাড়াও, সড়ক দুর্ঘটনায়সহ কর্মস্থলে বিভিন্ন দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিক পরিবারকে সহায়তার পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে মৃত শ্রমিকদের ব্যাপারেও সরকার সার্বিক সহযোগিতা করার পরিকল্পনার কথা জানান মন্ত্রী।তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা কিংবা কর্মস্থলে হতাহতের পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে নিহত শ্রমিকদের পরিবারকেও সরকারের সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) মেডিকেল সনদসহ তালিকা প্রণয়নের কাজ করবেন।’এর আগে চেক বিতরণ অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ২০১ জন আহত ও নিহত শ্রমিক পরিবারের মধ্যে ৬৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সর্বনিম্ন ১০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত শ্রমিক পরিবারকে বিতরণ করা হয়। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, ডিআইজি ড. মো. জিললুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক সন্দীপ কুমার সিংহ প্রমুখ। উল্লেখ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ঈদের আগে সাম্প্রতিক বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত হওয়া শ্রমিকের পরিবারের মধ্যে এ চেক বিতরণ করা হয়।