১৪ ফেব্রুয়ারি মানে তো অবশ্যই লাল শাড়ি। ভালোবাসা আর ফাগুন এক সাথে হওয়ায় শাড়ি কেনার সেই চাপ নাই। তবে একইদিনে লাল পরবো নাকি হলুদ, সেই সিদ্ধান্ত নেওয়া তো অন্য লেভেলের চাপ।হলুদ নাকি লাল- কোন শাড়ি পরবেন, তা নিয়ে দোটানায় অনেকে |
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপিত হয় বিশ্বজুড়ে; আর বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন একান্তই বাঙালির উৎসব।
মঙ্গলবারেও কি মেলায় আসা হবে- প্রশ্ন শুনে অন্তরার বান্ধবী মেহনাজ বললেন, “না। কালকের ভিড় এড়াতেই তো আজ সবাই মিলে বের হয়েছি। কাল আর আসা হবো না সম্ভবত।”
ভালোবাসার মানুষের জন্য বই কিনেছেন কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বললেন, “আমি ভাই সিঙ্গেল মানুষ। আমার কাছে সবদিন-ই এক। ভালোবাসা দিবস বলতে কিছু নাই জীবনে।”
তবে ‘সিঙ্গেল’ নন আজিমপুর থেকে আসা সুমাইয়া সুলতানা। তবে প্রিয় মানুষকে কাছে না পেয়ে মন ভার ছিল তার।
সুমাইয়ার কথায়, “গত বছরের মাঝামাঝিতে পড়াশোনার জন্য বেলজিয়ামে চলে গেছে ও। তাই এ বছর আর আমাদের একসঙ্গে ভ্যালেন্টাইনস ডে উদযাপন করা হল না। মিস করছি ওকে।”
তবে আগামীর কথা ভেবে মনকে সান্ত্বনা দিয়ে রেখেছেন তিনি।
“এই ডিসেম্বরেই বিয়ে করছি আমরা। তখন আর এসব দিবস-টিবস মিস হওয়ার কোনো চান্স থাকবে না।”
ফাল্গুনকে বরণ করে নিতে একদিন আগে বাসন্তী রঙের শাড়িতে বইমেলায় ঘুরতে দেখা যায় নারীদের
|কয়েক বছর আগেও পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন ডে পরপর দুটি দিনে উদযাপন হতে, তবে বাংলা বর্ষপঞ্জি সংস্কারের কারণে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে একই দিনে উদযাপিত হচ্ছে।
রাষ্ট্রের সঙ্গে জড়িত ঐতিহাসিক দিবসগুলোকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করার জন্য বাংলা বর্ষপঞ্জি পরিবর্তন করা হয়েছিল খ্রিস্টীয় ২০১৯ সাল বা ১৪২৬ বঙ্গাব্দ থেকে। তাতে ১৯৫২ সালের মতো ২১ ফেব্রুয়ারি ৮ ফাল্গুনই কিংবা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পয়লা পৌষেই সমন্বয় করা গেলেও পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস হয়ে যায় একদিনে। তাই দুদিনের জন্য আলাদা পোশাক যারা পরে আসছিলেন, তারা পড়েছেন দোটানায়।
তবে ভুলে বা সচেতনভাবেই ১৩ ফেব্রুয়ারিতে বাসন্তী সাজে এবারের মতো গতবছরও অনেককেই বাইরে ঘুরতে দেখা গিয়েছিল।
এদিন হলুদ শাড়ি আর খোঁপায় ফুল জড়িয়ে একুশে বইমেলায় আসেন আসমা সুলতানা। তার স্বামী অনিকেত অনিক গায়ে জড়িয়েছিলেন হলুদ পাঞ্জাবি। পুঁথিনিলয় প্যাভিলিয়নের সামনে কথা হলো তাদের সাথে।
মেডিকেলে পড়ার দিনগুলোতে ২০১৭ সালের নভেম্বরে অনিক ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেন, ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি বইমেলায় ঘুরতে এসে সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন আসমা। ২০২০ সালে মহামারীর মাঝেই সংসার জীবন শুরু করেন তারা।
অনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “এমন ফাগুন দিনেই তো আমাদের প্রেমটা জোড়া লেগেছিল। তাই এবারও তেরই ফেব্রুয়ারির দিনটিতে উদযাপন করতে বইমেলায় এসেছি।”
মেলায় বন্ধুদের সঙ্গে আসা রাকিবুল হাসান বই কিনবেন প্রেমিকার জন্য। তিনি বলেন, “গার্লফ্রেন্ডকে ফুল আর বই গিফট করবো। ফুল যাওয়ার সময় কিনব। কিন্তু বই কী কিনবো, ডিসাইড করি নাই এখনও।
“কালকে (১৪ ফেব্রুয়ারি) আমরা শাড়ি-পাঞ্জারি পরে ঘুরতে বের হব- বন্ধুবান্ধব নিয়ে। সুন্দর সুন্দর ছবি তুলব, খাব-দাব। আসলে প্রতিবছর এই দিনটার জন্য ওয়েট করি আমরা।”