• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
  • [কনভাটার]

দ্রুত সিলেট-ঢাকা মহাসড়কে ৬ লেন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

অভিযান ডেস্ক:

সিলেট সফরে এসে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। বিশেষ করে সিলেট-ঢাকা মহাসড়কের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এই অবস্থাকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলা যায় না এবং ৬ লেন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২ মে) দিনব্যাপী সফরের অংশ হিসেবে নগরভবনে সুধী-সমাবেশে বক্তব্য দেন তিনি। সেখানে সিলেট নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে গৃহীত প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে নগরবাসীর দুর্ভোগ অনেকটাই কমে আসবে। পরে বিকেলে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। কোদাল দিয়ে মাটি কেটে এই কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, নদী খনন প্রকল্পের মাধ্যমে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং দেড় লাখ মানুষ পরোক্ষভাবে সুবিধা পাবেন। পাশাপাশি বছরে অতিরিক্ত প্রায় ৭ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে। নদীর দুই তীরে ৫০ হাজার ফলজ ও বনজ গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারের সাম্প্রতিক বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি জানান, ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর মাধ্যমে সার, বীজ ও সহজ শর্তে ঋণ নিশ্চিত করা হচ্ছে। এছাড়া নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। তিনি আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করতে সরকার উদ্যোগ নিয়েছে এবং দক্ষ জনশক্তি বিদেশে পাঠিয়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর কাজ চলমান রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ অন্যরা। সফরের শেষে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সিলেট বিভাগকে দ্রুতই দেশের একটি আদর্শ অঞ্চলে পরিণত করা সম্ভব হবে।  এছাড়া বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে বিমানযোগে সিলেট পৌঁছে হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন তিনি।


More News Of This Category

You cannot copy content of this page