নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত ছেলে নাদিম মিয়ার (৩০) অত্যাচার সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হন তাঁর বাবা রেনু মিয়া (৬৫)।
রোববার দুপুরে আদালতের নির্দেশে নাদিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী বাউতলা এলাকায়।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নূরে আলমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, নাদিম গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। আদালতের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
নাদিমের বাবা রেনু মিয়া বলেন, ‘ছেলের অত্যাচার আর নির্যাতন সহ্য করতে না পেরে পুরো রমজান মাস স্ত্রীকে নিয়ে কেউ বাড়িতে থাকতে পারি নাই। এ সময় অন্যের বাড়ি বাড়ি গিয়েও রাতে থাকতে হয়েছে। এমনকি কয়েকবার আমাকে সে হত্যার চেষ্টা করেছে। এলাকায় কয়েক দিন পর পর ঝামেলা সৃষ্টি করে বেড়ায় সে। মাদকাসক্ত এই ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে আদালতে মামলা করি। পরে পুলিশ ছেলেকে গ্রেপ্তার করে।’