কাওছার আহমদ, স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি বাংলাদেশি রসুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদ ও রসুনের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। বুধবার (৭ অক্টোবর) ৫৫ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার দুপুর ৩টার দিকে ৫৫ বিজিবির সাতছড়ি বিওপির একটি টহলদল চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি এলাকার কাদালংকা নামক স্থানে টহল দেওয়ার সময় বনের মধ্যে একটি সন্দেহজনক বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। পরে বস্তাটি তল্লাশি করে কার্টনে রাখা মালিকবিহীন ১৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবির ধারণা, চোরাকারবারিরা মাদকগুলো সীমান্তবর্তী বনের মধ্যে লুকিয়ে রেখেছিল। তবে অভিযানের সময় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে ৫৫ বিজিবির কাকমারাছড়া বিওপির একটি টহলদল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় কাকমারাছড়া সীমান্তসংলগ্ন একটি রাবার বাগানের ভেতর থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৮২ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা ভারতীয় মদ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং বাংলাদেশি রসুন কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৫৫ বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক ও বিভিন্ন পণ্যের অবৈধ পাচার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের চোরাচালানবিরোধী কার্যক্রমে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।