ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ও বেসরকারি ভবনের ছাদে সোলার প্যানেল (রুফটপ সোলার) স্থাপনের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে জেলার সকল দপ্তর প্রধানদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার (১০ অক্টোবর, ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৭ সালের মধ্যে সকল সরকারি স্থাপনার ছাদে সোলার প্যানেল স্থাপন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে হবে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, আগামী ৫ বছরে বিকল্প জ্বালানি—বিশেষ করে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌর বিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে সকল সরকারি ও বেসরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে।”
তিনি সরকারের এ সংক্রান্ত বিশদ পরিকল্পনা ও কর্মপন্থা উপস্থাপন করে আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিকল্প জ্বালানি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। বিশ্বের তেল উৎপাদনকারী দেশসহ সব দেশই এখন নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করছে। আমাদের দেশের সীমিত সম্পদ দিয়ে জ্বালানির জোগান দেওয়া এবং এই খাতে ক্রমাগত বাড়তে থাকা ভর্তুকির হার রোধ করতে সৌর বিদ্যুতের কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এ ব্যাপারে নিরলসভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, “আমাদের সোলার প্যানেল স্থাপন এবং এর রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবিলা করতে হবে। সকল বাধা-বিপত্তি ডিঙিয়ে জনগণের স্বার্থে এই কর্মসূচির সফল বাস্তবায়ন জরুরি।” এ সময় তিনি জেলার সকল দপ্তর প্রধানদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় জানানো হয়, জেলা ও উপজেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটি এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়ন কমিটির যৌথ সমন্বয়ে বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থার স্থানীয় কার্যালয়গুলো এ ব্যাপারে প্রয়োজনীয় কারিগরি ও আনুষঙ্গিক সহায়তা প্রদান করবে।
জেলা ফোকাল পার্সন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন এবং কর্মসূচি বাস্তবায়নে নিজ নিজ দপ্তরের মতামত ও পরিকল্পনা তুলে ধরেন।