• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [কনভাটার]

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করছেন এমপি ফয়সল

অভিযান ডেস্ক:   / ৪০ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

হীরেশ ভট্টাচার্য হিরো, স্টাফরিপোর্টার :

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল টানা ছয় দিন ধরে এলাকায় অবস্থান করে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। গত কয়েক দিনের অতি বৃষ্টি ও ঝড়ে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার নিম্নাঞ্চলগুলোতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে পড়ে গ্রামীণ জনপদ, ভেঙে যায় বিভিন্ন সড়ক এবং ব্যাহত হয় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা।
বিশেষ করে জগদীশপুরসহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির পানি জমে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এমপি ফয়সল। তিনি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নিয়ে জরুরি ভিত্তিতে খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে করে অনেকটাই স্বস্তি ফিরে পায় এলাকাবাসী।
জগদীশপুর গ্রামের বাসিন্দা অধ্যাপক মঈন উদ্দিন জানান, টানা বৃষ্টির কারণে পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায়। ঘরবাড়ি ও চলাচলের পথ পানিতে ডুবে গিয়ে মানুষের ভোগান্তি বাড়ে। পরে বিষয়টি এমপির নজরে এলে তিনি নিজে উপস্থিত হয়ে খাল কেটে পানি সরানোর ব্যবস্থা করেন । যা দ্রুত পরিস্থিতির উন্নতিতে সহায়ক হয়।
অন্যদিকে, প্রচণ্ড ঝড়ে গাছপালা ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকায়। এতে করে জনজীবনে নেমে আসে অচলাবস্থা। এমপি ফয়সল বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে জরুরি ভিত্তিতে লাইন মেরামতের উদ্যোগ নেন। তার তৎপরতায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়।
চুনারুঘাটের যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক বলেন, চা বাগান এলাকায় গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং রামগঙ্গা এলাকায় পাহাড়ি ঢলে পুরাতন ঢাকা-সিলেট সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এমপি সরেজমিনে গিয়ে সড়ক বিভাগকে দ্রুত মেরামতের নির্দেশ দেন। বর্তমানে সড়কটি সংস্কারের কাজ চলমান রয়েছে।
চা শ্রমিক নেতা নৃপেন পাল বলেন, চা বাগানে বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়া বেশ কঠিন ছিল। কিন্তু এমপির সরাসরি তদারকির কারণে দ্রুত বিদ্যুৎ ফিরে পাওয়া গেছে। এতে শ্রমিকদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরতে শুরু করেছে।
এ বিষয়ে সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, “এটি একটি প্রাকৃতিক দুর্যোগ, যেখানে মানুষের কোনো হাত নেই। তবে টানা বৃষ্টি ও ঝড়ে মাধবপুর-চুনারুঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ, ঘরবাড়ি ও সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত জনজীবন স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছি।”


More News Of This Category

You cannot copy content of this page