হীরেশ ভট্টাচার্য হিরো
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে দোকানের বিপুল পরিমাণ ফার্নিচারসহ পাশের দুটি ঘরের আসবাবপত্রও পুড়ে যায়। দোকান মালিকের দাবি, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়া বাজারের এমবি ফার্নিচার নামের দোকানটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের অধিকাংশ ফার্নিচার ও দুটি ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এমবি ফার্নিচারের মালিক আল আমিন বলেন, আমার সব শেষ হয়ে গেছে। দোকানের সব মালামাল পুড়ে গেছে। প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াবো বুঝতে পারছি না।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মনতোষ মল্লিক জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।