কাওছার আহমদ,স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় অবস্থিত শাহজালাল সরকারি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অলক চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক একেএম নূরুল ইসলাম ও প্রভাষক সৈয়দ মহসিনুল হুসাইন।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নাদিয়া আফরিন মিতু। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রভাষক শাহ মো. শামসুজ্জামান। পবিত্র কুরআন তেলাওয়াত করেন রাহিমা আক্তার এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রভাষক নিখিল দেবনাথ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন স্নাতক (সম্মান) ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শামীম। পরে নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানান কলেজের শিক্ষার্থী আসমা, বিথি, ফওজিয়া ও শামীম।
বক্তারা নবীন শিক্ষার্থীদের কলেজ জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানিয়ে মনোযোগসহকারে অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পর্বে প্রভাষক কানিজ ফাতেমা ও অলক চক্রবর্তী কৌতুক পরিবেশন করেন। এছাড়া কবিতা আবৃত্তি করেন প্রভাষক একেএম নূরুল ইসলাম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমদ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক:
কাওছার আহমদ